ছড়া

সুখ

আশরাফুল আলম

সবুজ ঘাসের শিশির জলে
ভিজিয়ে নিলাম পা;
অচিন সুখে ভরলো হৃদয়
শিরশিরালো গা।
নলেন রসের গন্ধ শুঁকে
পূর্ণ হল বুক
টাকাকড়ি চাইনা ভাই আর
এতেই আমার সুখ।


পুঁচকে কবি

নিশাত মহুয়া

বই-খাতা সব সরিয়ে রেখে
বাইরে এসে বসি,
বীজগণিতে মন বসেনা
জোছনাগণিত কষি।
চাঁদের বুড়ি চোখ টিপে দেয়
আমার দিকে চেয়ে
ফুড়ুৎ করে মন উড়ে যায়
নীল ইশারা পেয়ে।
পড়ে থাকে বিদ্যা গেলা
পড়ে থাকে বই,
অঙ্কখাতা ছড়ায় ভরে
পুঁচকে কবি হই।